Don't Miss
Home / প্রশাসন / ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির

ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির

এমএনএ প্রতিবেদক

দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-কে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে বিপিসি জানায়, দেশে জ্বালানি তেল বিপণন পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের কারণে ভোক্তাদের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

চিঠিতে আরও বলা হয়, কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টাও করছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।

এ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে সরবরাহ সীমিত করার বিষয়ে বিপিসি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে বলে উল্লেখ করা হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পুলিশি টহল জোরদারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিপিসি।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...