ফেসবুকের নতুন অফিস চলবে সূর্যের আলোয়
Posted by: News Desk
September 13, 2018
এমএনএ সাইটেক ডেস্ক : ফেসবুকের নতুন অফিস চলবে সূর্যের আলোয়। পরিবেশবান্ধব নতুন অফিস চালু করেছে ফেসবুক। পরিবেশ সুরক্ষার নানা ভাবনা থেকে এই অফিস তৈরি করা হয়েছে। অফিসের বিদ্যুতের চাহিদা পূরণেও থাকছে পরিবেশবান্ধব ব্যবস্থা। জলবিদ্যুতের বদলে বসানো হয়েছে সোলার প্যানেল।
এখন থেকে সূর্যের আলোয় চলবে অফিসের যাবতীয় কর্মকাণ্ড। ফেসবুকের প্রধান অফিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। সেই পুরনো অফিস লাগোয়াই নতুন একতলা অফিসটি বানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
৫ লাখ ২৩ হাজার বর্গফুটের ওই অফিসটির নকশা করেছেন প্রকৌশলী ফ্রাঙ্ক গেহরি। এই অফিসে একসঙ্গে বসে কাজ করতে পারবেন ২০০০ কর্মচারী। অফিসটি ১৮ মাসেরও কম সময়ের মধ্যে নির্মাণ করা হয়েছে। এমপিকে ২১ নামে অফিসের ছাদে রয়েছে ৩.৬ একরের একটি বাগান। তাতে ২০০-এর বেশি গাছ। আরও রয়েছে আধাকিলোমিটার হাঁটাপথ।
বিদ্যুতের চাহিদা মেটাতে ১.৪ মেগাওয়াটের ফটোভলটাইক সৌর প্যানেল। বছরে ২০ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এ থেকে। এতে আরও থাকছে পানি রিসাইক্লিং ব্যবস্থা। বছরে ৬ কোটি ৪০ হাজার লিটার পানির অপচয় বন্ধ করবে। সম্প্রতি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রামে ওই নতুন ভবনের সুদৃশ্য ও মনোরম ছবিও শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, ভবনের ভেতরে এক প্রান্ত থেকে একটি হাঁটাপথ শুরু হয়ে আরেক প্রান্তে শেষ হয়েছে। পথ বরাবর সাজানো রয়েছে পাঁচটি ডাইনিং অঞ্চল। বিভিন্ন স্থানে ১৫টি শিল্পকর্মও বসানো হয়েছে। অফিস ভবনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর টাউন স্কয়ার। আরেকটি হচ্ছে অ্যাম্ফিথিয়েটার স্টাইলের আঙিনা যা ভবনটিকে গেহরি ফ্রাঙ্কের নকশায় বানানো অপেক্ষাকৃত ছোট এমপিকে ২০-এর সঙ্গে সংযুক্ত করেছে।
ফেসবুকের নতুন অফিস চলবে সূর্যের আলোয় 2018-09-13