পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা
Posted by: News Desk
September 13, 2018
এমএনএ রিপোর্ট : মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের ন্যূনতম এই মজুরি নির্ধারণের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এর আগে রাজধানীর তোপখানা সড়কে মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক হবে ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০।
আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মুজিবুল হক চুন্নু।
এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সে সময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা।
প্রসঙ্গত, এ বছরের ১৪ জানুয়ারি তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি কমিশন গঠন করে সরকার।
নিয়ম অনুযায়ী কমিশন গঠন হওয়ার পর তৃতীয় বৈঠকের মধ্যে মালিক ও শ্রমিক পক্ষের মনোনীতি প্রতিনিধিদের মজুরি প্রস্তাব দেয়া বাধ্যতামূলক। এ প্রস্তাবের ওপর ভিত্তি করেই নতুন মজুরি কাঠামো নির্ধারণে কমিশনের পরবর্তী অগ্রবর্তীমূলক কার্যক্রম শুরু হয়।
সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। ঘোষণার এক মাস পর ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সে অনুযায়ী এন্ট্রি লেভেলে একজন শ্রমিক নিম্নতম ৫ হাজার ৩০০ টাকা মজুরি পাচ্ছেন। এর অতিরিক্ত বছরে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা। কিন্তু গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম বেতন চেয়ে প্রস্তাব দিয়েছিল ১৬ হাজার টাকা।
৮ হাজার টাকা ন্যূনতম পোশাক মজুরি শ্রমিকদের 2018-09-13