Don't Miss
Home / আইন আদালত / বরিশাল আদালত ভাঙচুরের প্রতিবাদ, সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল

বরিশাল আদালত ভাঙচুরের প্রতিবাদ, সুপ্রিম কোর্টে আ’লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল

সুপ্রীম কোর্ট প্রতিবেদক

বরিশাল আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের প্রতিবাদকে কেন্দ্র করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের পৃথক কর্মসূচি পালনের সময় উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির সামনে ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী মানববন্ধন করেন। এতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আবু সাঈদ সাগর, সুব্রত কুন্ডু, চঞ্চল কুমার বিশ্বাস, কুমার দেবুল দে প্রমুখ। তারা বরিশাল আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

অন্যদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর, আইনজীবী সমিতির নিচতলা ও দ্বিতীয় তলা প্রদক্ষিণ করেন। মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজি মো. তৌহিদুল ইসলাম, কাজী জয়নুল আবেদীনসহ অন্যান্যরা অংশ নেন।

অভিযোগ রয়েছে, বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিলের একপর্যায়ে মানববন্ধনরত আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ব্যানার ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আবু সাঈদ সাগরের কক্ষে (দ্বিতীয় তলার ২০২১ নম্বর কক্ষ) গিয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আবু সাঈদ সাগর বলেন, দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ-সমর্থকদের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ তার কক্ষে স্থাপিত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক কয়েকজন আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছিলেন। এ ঘটনায় সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে ছবি ভাঙচুরের ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

 

x

Check Also

সংসদে সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ৫৩ মনোনয়নপত্র জমা

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র ...