Don't Miss
Home / প্রশাসন / বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ, ধানমণ্ডি ৩২-এর ছবি বাদ পড়ছে

বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ, ধানমণ্ডি ৩২-এর ছবি বাদ পড়ছে

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। ছয় বছর আগে বাদ দেওয়া এই শর্ত পুনর্বহালের উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেটি সীমিত পর্যায়ে কার্যকর হয়। এখন নতুন উদ্যোগের মাধ্যমে সব ধরনের পাসপোর্টে বিষয়টি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া ই-পাসপোর্টে “এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতিত বিশ্বের সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে (This passport is valid for all countries of the world except Israel)” বাক্যটি বাদ দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মহলে এটি পুনর্বহালের দাবি ওঠে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না; মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেওয়া হবে।

এদিকে, শুধু ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধই নয়, ই-পাসপোর্টের ভেতরের জলছাপ ও বিভিন্ন প্রতীকী ছবিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ব্যবহৃত কিছু স্থাপনা ও ব্যক্তিনির্ভর ছবি বাদ দিয়ে নতুন কিছু জাতীয় ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতিনির্ভর ছবি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বাদ পড়ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কান্তজিউ মন্দির এবং মুজিবনগর স্মৃতিসৌধের মতো কয়েকটি স্থাপনার ছবি।

নতুনভাবে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা প্রতীকী ছবি। পাশাপাশি বঙ্গভবন, জামদানি শাড়ি, কাঁঠাল, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, রাজশাহীর আমবাগান, জাতীয় স্মৃতিসৌধ ও পানাম নগরীর ছবিও যুক্ত হচ্ছে।

তবে আগের কিছু পরিচিত প্রতীক অপরিবর্তিত থাকছে। এর মধ্যে রয়েছে জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন এবং জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের জলছাপ ও নকশায় পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সরকারপ্রধানের অনুমোদনের জন্য পাঠানো হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং নতুন জলছাপ সংযোজনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী দিকগুলো নতুনভাবে উপস্থাপনের পথে এগোচ্ছে।

x

Check Also

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত তথ্য চেয়ে পুলিশের তৎপরতা নিয়ে উদ্বেগ, ক্ষোভ

বিশেষ প্রতিবেদক পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) থেকে পাঠানো একটি চিঠির ভিত্তিতে তালিকাভুক্ত সাংবাদিকদের কাছে ...