Don't Miss
Home / আজকের সংবাদ / বাকুর মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩০

বাকুর মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : এশিয়ার দেশ আজারবাইজানের রাজধানী বাকুর একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানির খবর জানা গেছে।
স্থানীয় সময় আজ শুক্রবার ভোরের দিকে অগ্নিকাণ্ডের বাকুর রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এক বিবৃতিতে আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জরুরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সকাল ৬টা ১০ মিনিটে বাকুর রিপাবলিকান নারকোলজিক্যাল সেন্টারে আগুন লাগে।’
দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর আগেই কাঠের তৈরি একতলা স্থাপনাটি পুরোপুরি পুড়ে যায় উল্লেখ করা হয় বিবৃতিতে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
আর আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সির খবরে বলা হয়, আগুন লাগার পর মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণহানি হয়েছে।
ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ৬৪ জনের মধ্যে ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এপিএর খবরে বলা হয়, আজারবাইজানের অগ্নিনির্বাপক কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এক তলা ওই ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবরে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, জরুরি সহায়তা বিভাগের মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...