Don't Miss
Home / রাজনীতি / বিএনপির নেতারা হতাশায় নিমজ্জিত: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নেতারা হতাশায় নিমজ্জিত: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ হতাশায় নিমজ্জিত বিএনপির নেতারা ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনি বানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন। যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরা গলি খোঁজে তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক।’

বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষ খেয়ে-পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রসংশিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বিএনপি এসব দেখতে পায় না। তারা পূর্ণিমার রাতে অমাবশ্যার অন্ধকার দেখে।’

জন্মলগ্ন থেকেই বিএনপি এদেশে প্রতিহিংসার রাজনীতি করে আসছে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভালো করেই জানে বিএনপির ইতিহাস হত্যা, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের ইতিহাস। বিএনপির ইতিহাস বন্দুক ও বুটের তলায় জনগণকে জিম্মি করে ক্ষমতা দখলের ইতিহাস।’

তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি প্রতিহিংসার আগুনে ভস্মীভূত করেছিল ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ।’ বিএনপিসহ বিরোধীদলীয় কিছু নেতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নেমেছে বলে তাদের আচার-আচরণে বিদ্বেষের সুর ফুটে উঠেছে। গঠনমূলক সমালোচনা না করে তারা সংসদে ও সংসদের বাইরে অন্ধ বিদ্বেষে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে।’

আওয়ামী লীগ প্রতিহিংসা ও নির্যাতন-নিপীড়নের রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ৭৫’র ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা। গ্রেনেড হামলাসহ ২০ বারের অধিক শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতে দেখেছে, দেখেছে ১৫ আগস্ট উৎসব করে কেক কাটা।’

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...