Don't Miss
Home / জাতীয় / বিসিবি নির্বাচন পরিচালনায় আইনজীবী আহসানুলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবি নির্বাচন পরিচালনায় আইনজীবী আহসানুলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

খেলাধুলা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম-কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন সদস্যের কমিশনই নির্বাচনের সব প্রক্রিয়া ও আইনি বিষয় তদারকি করবেন।

এদিকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে বিসিবি ইতোমধ্যে কাউন্সিলরদের তালিকা চেয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে।

গত বছরের অক্টোবরে ২৫ জন পরিচালক নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। পরে তাঁদের ভোটে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। কিন্তু পরে ওই নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ওঠে।

এরপর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ সেই বোর্ড ভেঙে দেয় এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। একই সঙ্গে তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশও দেওয়া হয়।

পরবর্তীতে তামিম ইকবাল জানিয়েছেন, আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

x

Check Also

ঈদযাত্রায় ট্রেনের টিকিটে তীব্র চাপ, এক ঘণ্টায় শেষ পশ্চিমাঞ্চলের প্রায় সব আসনে

এমএনএ প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই ব্যাপক চাপ ...