এমএনএ বিনোদন ডেস্ক : লাক্স তারকা ফারিয়া শাহরিন। ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন তুমুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজনে। সম্প্রতি নাটকটির এ সিজন শেষ হয়েছে। সিজন শেষ হলেও এখনও ‘ব্যাচেলর পয়েন্ট’র ঘোরে আছেন এ অভিনেত্রী।তার প্রমাণ মিলল অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস থেকে। নিজের ফেসবুকে ফারিয়া শাহরিন তুলে ধরেছেন তার কিছু অভিজ্ঞতার কথা।
ফারিয়া লিখেছেন, ‘রাস্তায় বের হলেই খুব সাধারণ মানুষ যখন মাস্ক পরা অবস্থায়ও আমাকে চেনে ‘অন্তরা’ বলে ডাক দেয় তখন শান্তি পায়। খুব বিধ্বস্ত অবস্থায়ও এলোমেলো চুল নিয়েও ছবি তুলি। কারণ এই মানুষটাই ওর দশটা বন্ধুকে খুব গর্ব করে বলবে, দোস্ত দেখ অন্তরার সাথে ছবি তুলছি। তার ওই সুখের হাসিটার কাছে আমার এলোমেলো কাজল লেপ্টে যাওয়া চেহারায় আমাকে কেমন লাগছে ওই ভাবনা একদম কিছু যায় আসে না।’
তিনি আরও লেখেন, ‘কোথাও খেতে গেলে কোনো সাধারণ ওয়েটার যখন সবকিছু বাদ দিয়ে দৌঁড়ে এসে কাচুমাচু করে বলে, আপু আপনাকে খুব ভালো লাগে। আমি হেসে বলি, কি ছবি তুলবেন? আসেন আমি সেলফি তুলি আপনার ফোনটা দেন। পাশে দাঁড়ান।’
‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে নতুন জীবন দিয়েছে উল্লেখ করে ফারিয়া লিখেছেন, ‘মানুষের ভালোবাসা আমি নষ্ট করতে চাই না। অনেক ধারাবাহিক সম্মানের সাথে না করে দেই। আমি চাই সবাই আমাকে অন্তরাই ডাকুক। মাসের ৩০ দিন কাজ করতে মন চায় না। অন্তরাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ধারাবাহিক না করে দেই। এখন অনেক কম কাজ করি কিন্তু যে ভালোবাসা পাই তা মাথা পেতে নেই। অন্তরা হয়ে প্রতিটা মুহূর্ত বাঁচি, উপভোগ করি। আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় পাওয়া আর কি কিছু হতে পারে?’
কাজল আরেফিন অমির পরিচালনায় নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ফারিয়ার চরিত্রটি অতি অল্প সময়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রচারের পর দেশ-বিদেশ থেকে প্রচুর সাড়াও পেয়েছেন ফারিয়া শাহরিন।
এর আগে সময় নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করার পর আমার আসল নাম হারিয়ে গেছে। সবাই এখন আমাকে ‘অন্তরা’ নামেই ডাকছেন। হুট করে রাস্তাঘাটে কানে আসে ‘ওই যে অন্তরা যাচ্ছে’। বিষয়টি খুব উপভোগ করি। এর মানে অন্তরা চরিত্রটি দর্শকরা গ্রহণ করেছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

