Don't Miss
Home / হোম স্লাইডার / ভর্তি পরীক্ষার জন্য বুয়েটে আন্দোলন শিথিল

ভর্তি পরীক্ষার জন্য বুয়েটে আন্দোলন শিথিল

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সারা দেশ থেকে আসা পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৩ অক্টোবর এবং ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করার ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বুয়েটের শহীদ মিনারে আন্দোলনকারীদের সমাবেশ থেকে এই ঘোষণা আসে।

আন্দোলনকারীদের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, ১০ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। ১৩ ও ১৪ তারিখ ভর্তি পরীক্ষা উপলক্ষে আন্দোলন শিথিল করছি। তবে, যেহেতু সারাদেশ থেকে ১২ হাজার শিক্ষার্থী বুয়েটে পরীক্ষা দিতে আসবে। সে কারণে আমরা এ দু’দিন শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবো। তবে, এ দু’দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনকারীরা ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে।

আগের দিন বৈঠকে উপাচার্য সাইফুল ইসলাম অধিকাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এদিকে সহপাঠী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আন্দোলনে ফুঁসে ওঠা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান সাক্ষারিত দাবি মানার পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বুয়েট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করলেও পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এদিকে আজ শনিবার বুয়েট কর্তৃপক্ষের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেষক্রমে নিষিদ্ধ করা হলো।

আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলের যেসব সিট অবৈধ ভাবে দখলে রয়েছে সেগুলো খালি করা ও ছাত্র সংগঠনগুলোর অফিস রুম বন্ধ করে তা সিলগালা করার জন্য ছাত্রকল্যাণ পরিচালক ব্যবস্থা নেবেন। ১২ অক্টোবর থেকেই উল্লেখিত কাজগুলো শুরু হবে।

অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবরার ফাহাদের অনাকাঙ্খিত ও দুঃখজনক হত্যার মামলায় এজাহারভুক্ত ১৯ আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। চলমান তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেটের অনুমদনের মাধ্যমে দোষীদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এছাড়া আদালতের বিচারে এই মামলায় অন্য কউ সাজাপ্রাপ্ত হলে তাকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাগের নামে ছাত্রদের নির্যাতনের ঘটনা সংক্রান্ত অভিযোগ জানাতে একটি ওয়েব পোর্টাল তৈরি করা হবে। যাতে ছাত্ররা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে অভিযোগ জানাতে পারে। অভিযোগগুলো পর্যবেক্ষণ করে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করা হবে। এছাড়া সবগুলোর হলের প্রতিটি ফ্লোরের প্রতিটি উইংয়ে দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যা মামলা চালাকালীন সকল খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে এবং ফাহাদের পরিবারকে বুয়েট কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...