রাজস্থান রাজ্যের আলওয়ার, ধোলপুর ও ভারতপুর জেলার ওপর দিয়ে ঝড়টি বয়ে যায়।
ভারতে ধূলিঝড়-বৃষ্টিতে ৯৫ জনের মৃত্যু
Posted by: News Desk
May 3, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ ও রাজস্থানে প্রবল ধূলিঝড় এবং বজ্রসহ টানা বৃষ্টিতে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৬৪ জন এবং রাজস্থানে ৩১ জন মারা গেছেন। খবর এনডিটিভির।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশের আগ্রা। সেখানে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
দুই রাজ্য মিলে আহতের সংখ্যা একশরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজস্থান ও উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই আবহাওয়া ছিল গুমোট। প্রচণ্ড গরমে অস্বস্তি ছিল জনজীবনে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। গতকাল বুধবার রাতে হঠাৎ শুরু হয় প্রচণ্ড বাতাস। কিন্তু স্বস্তির বদলে মুহূর্তে তা আতঙ্কে রূপ নেয়। বাতাসের সঙ্গে শুরু হয় প্রচণ্ড ধূলিঝড়। মুহূর্তের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি ও ঘরবাড়ির ছাদ।
এক পর্যায়ে এই ধূলিঝড় রাজধানী দিল্লির দিকে অগ্রসর হলেও সেখানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রাজস্থান রাজ্যের পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড়ে আলওয়ার, ধোলপুর ও ভারতপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব জেলার ঘুমিয়ে থাকা লোকজনের ওপর ঘরের ছাদ ধসে পড়ে অধিকাংশের মৃত্যু হয়। ধোলপুরে বজ্রপাতে একটি গ্রামের ৪০টি মাটির ঘর পুড়ে যায়।
-

-
ভারতে ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়েছে গাছ।
রাজধানী দিল্লি থেকে ১৬৪ কিলোমিটার দূরের আলওয়ারে গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত রাত থেকে জেলাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতপুর জেলায়। এখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে হঠাৎ করে ঘন্টায় ৫৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে একটি ঝড় শহরটির ওপর আছড়ে পড়ে। হঠাৎ করে শুরু হওয়া এক ঝড়টি মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও এতে দুটি আন্তর্জাতিক ফ্লাইটসহ ১৫টি ফ্লাইটের অবতরণ বিঘ্নিত হয়।
গতকাল বুধবার রাজস্থানের কয়েকটি অংশে তীব্র দাবদাহ বয়ে যায়। এ সময় কোটা অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়। রাজ্যটির বিভিন্ন অংশে ধূলিঝড়, দাবদাহ ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।
ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি এক টুইটে দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই সংকট মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উত্তর প্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীদ্বয় প্রতিজন নিহতের পরিবারকে চার লাখ ও প্রতিজন আহতকে ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মৃত্যু ভারতে বৃষ্টিতে ধূলিঝড় ৯৫ জনের 2018-05-03