Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

এমএনএ রিপোর্ট : সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫-২৩ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য সফর করেন শেখ হাসিনা। দাম্মামে সৌদি সামরিক জোটের মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন তিনি।
সেখানে রোহিঙ্গা সঙ্কটের সমাধানের বিষয়টি বিশ্ব নেতাদের সামনের জোরালোভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্মেলনের যৌথ ঘোষণায় রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বিভিন্ন সেশনে বক্তব্য দেন শেখ হাসিনা। এ সময় তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ২৬ এপ্রিল তিন দিনে সফরে অস্ট্রেলিয়ায় যান শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে গত শুক্রবার সকালে সিডনিতে পৌঁছান তিনি। ওইদিন সকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিন।
সেদিন রাতে প্রধানমন্ত্রী গ্লোবাল সামিট অন উইমেনে যোগ দেন। সেখানে নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে তার হাতে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
গত শনিবার সিডনির প্যারাম্যাটায় ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের তিনি জ্ঞানার্জনের সর্বোচ্চ সুযোগ কাজে লাগানোর কথা বলেন।
সিডনি শহরের প্রাণকেন্দ্রে একটি পাঁচ তারকা হোটেলে গত শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনার যোগ দেন শেখ হাসিনা।
ছোট বোন শেখ রেহানা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফেরাজ চুমকি, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান ও পারভীন জামান এই সফরের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এছাড়া বাংলাদেশ উইমেন চেম্বারের প্রেসিডেন্ট নিহাদ কবীর, এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, হাসিনা নেওয়াজ, হেলেনা জাহাঙ্গীর, নাজ ফারহানা আহমেদ, সারিতা মল্লিক ও বিলকিস হাসান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গী ব্যবসায়ী প্রতিনিধি দলে।
তিন দিনের অস্ট্রেলিয়া সফর শেষে গত রবিবার মধ্যরাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...