ভোটে কারচুপির কোনো সুযোগ নেই : এরশাদ
Posted by: News Desk
December 18, 2017
এমএনএ জেলা প্রতিনিধি : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রসিক নির্বাচন সম্পর্কে বলেছেন, এবারের ভোটে কারচুপির কোনো সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন নিয়ে তার বা দলের কোনো সংশয় নেই।
এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আজ সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাসের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ নির্বাচন কমিশন সম্পর্কে বলেন, নির্বাচন কমিশনের ব্যাপার তবে আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তিনি ভালো মানুষ। তিনি সুষ্ঠু, অবাধ নির্বাচন আমাদের উপহার দিবেন।
তার প্রার্থী মোস্তফা এবার বিপুল ভোটে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হবেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এইচ এম আসিফ শাহরিয়ারকে দল থেকে বহিস্কার করেছে এরশাদ। আসিফ এরশাদের ছোটভাই মোজাম্মেল হোসেন লালুর ছেলে । রসিক নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টির রংপুরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় মনোনয়ন দেন এরশাদ। এ সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আসিফ শাহরিয়ার। এ কারণে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
আসিফের বহিস্কার সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, এইচ এম আসিফ শাহরিয়ার আমারই আপন ভাতিজা। তাকে বহিষ্কার করার একটাই কারণ। সে দলের সিদ্ধান্ত অমান্য করেছে। ভাই ভাতিজার চেয়ে আমার কাছে দল বড়।
রসিক নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর জয়ের আশা প্রকাশ করে এরশাদ বলেন, আমাদের যে অবস্থা তাতে রংপুরে আমরা বিপুল ভোটে জিতবো। এরপরই আমরা জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবো।
এরশাদ সুযোগ নেই ভোটে কারচুপির কোনো 2017-12-18