Don't Miss
Home / আজকের সংবাদ / মশারি বিষয়ক বক্তব্যের জন্য মেয়রের দুঃখপ্রকাশ

মশারি বিষয়ক বক্তব্যের জন্য মেয়রের দুঃখপ্রকাশ

এমএনএ রিপোর্ট : ‘আপনার ঘরের ভেতরে যেয়ে আমি মশারি খাটাতে পারব না’-গতকাল শুক্রবার দেওয়া চিকুনগুনিয়া নিয়ে এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

আজ শনিবার গুলশান-২ নম্বরে ডিএনসিসি কার্যালয়ের সামনে মশা নিধনে সচেতনতামূলক র‍্যালির শুরুতে আনিসুল হক সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আনিসুল হক বলেছেন, গতকাল একজন সাংবাদিক বন্ধু একটি প্রশ্ন করেছিলেন, আমরা মশারি নিয়ে সচেতনতা তৈরি করছি কি না? আমি আমাদের সচেতনতামূলক পোস্টারে মশারির ছবি দেখিয়ে ওই কথা বলেছিলাম। কিন্তু যেভাবে বলেছি, হতে পারে তা ঠিকভাবে বলতে পারিনি।

এর আগে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, চিকুনগুনিয়া মহামারি হোক আর যা-ই হোক, এর জন্য কোনোভাবেই সিটি করপোরেশন দায়ী নয়। কারণ এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ছড়ালেও এই মশা সিটি করপোরেশনের ড্রেন কিংবা ময়লার ডাস্টবিনে জন্মায় না। নাগরিকরা অনেকেই চিকুনগুনিয়া সম্পর্কে জানেন, কিন্তু এ ব্যাপারে যথাযথ সচেতনতামূলক ব্যবস্থা নেন না। সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয়।

তার ওই বক্তব্যের পর মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে।

চিকুনগুনিয়া প্রতিরোধে রাজধানীর গুলশানের ডিএনসিসি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া সচেতনতামূলক শোভাযাত্রায় অনেক মানুষ অংশ নেয়।

মেয়র বলেন, আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। আমার বক্তব্যের জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমরা তার জন্য দুঃখিত। আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আবার নেমেছি। আমরা অনেক চেষ্টা করছি।

চিকুনগুনিয়া প্রতিরোধে এলাকাভিত্তিক বড় করে কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুল হক আরও বলেন, এখন আমরা যেভাবে পরিকল্পনা করছি, তাতে আজ গুলশান এলাকায়, পরে মোহাম্মদপুর এলাকায়—এভাবে একেক দিন একেক এলাকায় আমরা ছড়িয়ে পড়ব। যেভাবেই হোক চিকুনগুনিয়া আমরা আর বাড়তে দেব না। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...