মেয়র আনিসুল হককে থেরাপি দেয়া হচ্ছে
Posted by: News Desk
November 6, 2017
এমএনএ রিপোর্ট : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতির জন্য থেরাপি দেয়া হচ্ছে। দীর্ঘদিন আইসিইউতে থাকার কারণে তার হাত-পা কিছুটা অবশ হয়ে গিয়েছিল। থেরাপির মাধ্যমে হাত-পা ও শরীরকে স্বাভাবিক করে তোলা হচ্ছে।
আনিসুল হকের পারিবারিক বন্ধু ডা. আব্দুন নূর তুষার আজ সোমবার গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, সামাজিক গণমাধ্যম ও কিছু অনলাইনে আনিসুল হককে নিয়ে খুবই নেতিবাচক প্রচারণা চলছে। এসবের পুরোটাই গুজব। এতে করে তার পরিবারের সদস্যদেরও মন খারাপ হচ্ছে। তারাও এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলছেন।
আব্দুন নূর তুষার বলেন, আনিসুল হক অতীতে রাজনীতি করতেন না। তার পরিবারও রাজনৈতিক পরিবার নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সফল ব্যবসায়ী হিসেবে পছন্দ করে মেয়র পদে মনোনয়ন দেন। দেশ সেবা করতে গিয়ে যদি এ রকম নেতিবাচক সংবাদের শিকার হতে হয় সেটা খুবই দুঃখজনক।
আব্দুন নূর তুষার বলেন, আনিসুল হককে ধীরে ধীরে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা এখন থেরাপি দিচ্ছেন। এতদিন লন্ডনের যে ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেটা থেরাপির জন্য নয়। এ জন্যই হাসপাতাল পরিবর্তন করে লন্ডন শহরের পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়েছে। লন্ডনের বাঙালিরাও এসব জানেন। তাকে দেখতে অনেকে হাসপাতালেও গিয়েছেন।
উল্লেখ্য, কন্যার সন্তান প্রসব উপলক্ষে গত ২৯ জুলাই সরপরিবারে লন্ডনে যান আনিসুল হক। লন্ডনে অবস্থানকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। ডা. আব্দুন নূর তুষার জানান, এখন তিনি স্বাভাবিকভাবে শাসপ্রশ্বাস নিতে পারছেন। কথা বলছেন। এখন তার রিহ্যাবিলিটেশন চলছে।
আনিসুল হককে দেয়া থেরাপি মেয়র হচ্ছে 2017-11-06