Don't Miss
Home / আজকের সংবাদ / ২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন অনুমোদিত

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন অনুমোদিত

এমএনএ রিপোর্ট : ২০১৮ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।
চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে।
২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।
শফিউল জানান, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৯ এপ্রিল বৌদ্ধ পূর্ণিমা, ১ মে মে দিবস, ১৫ জুন জুমাতুল বিদা, ১৬ জুন ঈদুল ফিতর, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ২২ অগাস্ট ঈদুল-আযহা, ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ১৯ অক্টোবর দুর্গাপূজা, ২১ নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড় দিনের সাধারণ ছুটি থাকবে।
এছাড়া সরকারের নির্বাহী আদেশে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২ মে শবে বরাত, ১২ জুন শবে কদর, ১৫ ও ১৭ জুন ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ২১ ও ২৩ অগাস্ট ঈদুল আযহার আগে ও পরের দিন এবং ২১ সেপ্টেম্বর আশুরার ছুটি থাকবে।
এবার ১৪ দিনের সাধারণ ছুটির মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশে আট দিনের মধ্যে তিন দিন শুক্র-শনিবার পড়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম ও বিধি দিয়ে নিয়ন্ত্রিত হয় বা সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব অফিস নিজেদের নিয়মে জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...