এমএনএ রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলা আদালত অভিযোগপত্র গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে ফের বরখাস্ত করেছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মেয়র এম এ মান্নান দায়িত্ব পালন কালে সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের আয়সমূহ কোনো ব্যাংক হিসেবে না রেখে নিয়মবহির্ভূতভাবে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার কাছে রাখেন।
তাঁরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও টাকা গ্রহীতার স্বাক্ষরবিহীন ৯৯৯টি ভুয়া ভাউচার সৃজন করে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাৎ করেন। এ মর্মে দুদক গত বছরের ১২ জুন জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করে।’
ওই মামলায় গত ১২ জানুয়ারি গাজীপুরের বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে ১৮ জানুয়ারি ওই অভিযোগপত্রটি ওই আদালতে গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মেয়র এম এ মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে এম এ মান্নান তৃতীয়বার বরখাস্ত হলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান।
যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
এর পর একে একে তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় ২৮ মাস কারাগারে ছিলেন তিনি।
পরে ৩০টি মামলার সব কয়টিতে জামিন পান মেয়র মান্নান। এরপর আদালতের নির্দেশে গত ১৮ জুন ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

