এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। কারণ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীও রয়েছে। জঙ্গিদের পাশাপাশি যারা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয়—তাদের বিরুদ্ধেও জনগণকে সোচ্চার থাকতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ন্যাপ (ভাসানী) আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁসহ বিভিন্ন হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা নিহত হলে বিএনপি সমালোচনা করে। অথচ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হতাহত হওয়ার বিষয়ে তারা কোনো কথা বলে না। এতে প্রমাণ হয় বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক।
কবি-কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ফরহাদ মজহার বেশিদিন নিখোঁজ থাকলে বিএনপির পক্ষে রাজনীতির মাঠ গরম করা সহজ হতো। কিন্তু সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে ফরহাদ মজহার জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ায় বিএনপির মাঠ গরম করার পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে।’
ন্যাপ (ভাসানী)-এর সভাপতি এমএ ভাসানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নুরুল আমিন রুহুল, এমএ জলিল, শাহদাত হোসেন টয়েল প্রমুখ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

