এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৯ জন। এই বিস্ফোরণকে ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ বলে মনে করছেন দেশটির সরকার।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারাবিশ্বে। ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দল।
এই ‘হামলার’ দায় কেউ স্বীকার করেনি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টারের একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপরই এই বিস্ফোরণ ঘটে। সংগীত শিল্পী অ্যারিয়ানা অক্ষত আছেন।

বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ছুটোছুটি করতে থাকেন। তাঁদের ব্যাপক চিৎকার-চেঁচামেচিতে পুরো এলাকায় বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
অ্যান্ডি হলি নামের এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, তাঁর স্ত্রী ও মেয়ে ওই কনসার্টে গিয়েছিলেন। তাঁদের আনতে গিয়ে অপেক্ষায় ছিলেন তিনি। হলি বলেন, হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। পরে উঠে দেখতে পান, রক্তাক্ত লোকজন পড়ে আছেন। মানুষজনের মধ্যে স্ত্রী-কন্যাকে খুঁজতে থাকেন তিনি। তাঁদের না পেয়ে পুলিশের কাছে যান। শেষ পর্যন্ত স্ত্রী-কন্যাকে খুঁজে পান। তাঁরা ভালো আছেন।
এই বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। তাঁদের ভাষ্য, এক আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে।

যুক্তরাজ্যের পরিবহন পুলিশ বলছে, কনসার্ট শেষ হতে না হতেই ইনডোর স্টেডিয়ামের প্রবেশ কক্ষে এই বিস্ফোরণ ঘটে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একটি জরুরি টেলিফোন নম্বর চালু করেছে।
ঘটনার কিছু পরেই ইনডোর স্টেডিয়ামের কাছের ভিক্টোরিয়া রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়। সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
২৩ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডে অক্ষত আছেন বলে তাঁর এক মুখপাত্র জানিয়েছেন। পরে টুইটারে গভীর দুঃখ প্রকাশ করে অ্যারিয়ানা গ্র্যান্ডে লিখেছেন, আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।

টুইটারে তার বন্ধুরাও গভীর সমবেদনা জানিয়েছেন। অ্যারিয়ানা গ্র্যান্ডের সহশিল্পী নিকি মিনাজ টুইটার বার্তায় বলেন, ঘটনাটি আমাকে অসম্ভব আঘাত করেছে। আমার বোন আরিয়ানার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কষ্ট হচ্ছে নিরপরাধ মানুষগুলোর জন্য। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’
বন্ধু ‘আরি’র জন্য সমবেদনা ফুটে উঠেছে টেইলর সুইফট ও কেটি পেরির টুইটার বার্তায়। টেইলর সুইফটের বার্তাটি ছিল, আমি হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা ও কান্না করছি। সমবেদনা তাদের পরিবারের প্রতি। সবার প্রতি আমার গভীর ভালোবাসা। কেটি পেরি বলেন, হৃদয় ভেঙে যাচ্ছে পরিবারগুলোর জন্য, হৃদয় ভেঙে যাচ্ছে আরির জন্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, এই বিস্ফোরণকে তাঁরা ‘ভয়ংকর সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছেন। থেরেসা মে বলেছেন, ম্যানচেস্টারে ঠিক কী ঘটেছে, তার বিস্তারিত জানতে কাজ চলছে। বিস্ফোরণের ঘটনায় ভুক্তভোগীদের পাশে আছেন তিনি। বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে থেরেসা মে তাঁর নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করেছেন।
বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এক টুইট বার্তায় এই বিস্ফোরণকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তিনি এই বিস্ফোরণে আক্রান্তদের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যারা সেখানে জরুরি সহায়তা দিচ্ছেন তাদের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ২১ হাজার দর্শক ধারণক্ষমতার ম্যানচেস্টার অ্যারেনা বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

