Don't Miss
Home / জাতীয় / যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনে রুমিন ফারহানার দাবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনে রুমিন ফারহানার দাবি

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগে সই হওয়া এই চুক্তির কিছু ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হতে পারে এবং চাইলে সরকার ৬০ দিনের মধ্যে এটি বাতিল করতে সক্ষম।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এদিন সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুই দেশের আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, তার তুলনায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কমানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে বলে তিনি জানান।

চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে আপত্তি জানিয়ে রুমিন ফারহানা বলেন, গত ৯ ফেব্রুয়ারি—জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে—এই চুক্তি সই করা হয়। সে সময় দেশের সুশীল সমাজ ও বিভিন্ন থিংক ট্যাংক এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেছিল, একটি অনির্বাচিত সরকারের এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা উচিত নয়। তাদের মতে, নির্বাচিত সরকার গঠনের পর এ ধরনের সিদ্ধান্ত নেওয়া অধিক গ্রহণযোগ্য হতো।

তিনি দাবি করেন, চুক্তির কিছু শর্ত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তাই বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।

তবে তার বক্তব্যের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে জানান, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, পয়েন্ট অব অর্ডার কেবল চলমান আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বা সংসদের শৃঙ্খলা রক্ষার জন্য উত্থাপন করা যায়। নতুন কোনো বিষয় উত্থাপন করতে হলে নির্ধারিত নিয়মে নোটিশ দিতে হবে।

স্পিকারের বক্তব্যের পরও অতিরিক্ত সময় চেয়ে রুমিন ফারহানা বলেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এই চুক্তি বাতিল করতে পারে এবং তাই এটি সংসদে উপস্থাপন করা উচিত। তবে স্পিকার তার এই অনুরোধ গ্রহণ করেননি এবং বিষয়টি অর্ডার হিসেবে বিবেচনায় নিতে অপারগতা প্রকাশ করেন।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...