রওশনকে বিরোধদলীয় নেতার স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন
Posted by: News Desk
September 9, 2019
এমএনএ রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। আর সংসদে বিরোধীদলীয় উপনেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
আজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা হিসেবে বেগম রওশন এরশাদকে (১৪৯ ময়মনসিংহ-৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন জাতীয় সংসদের স্পিকার।
এছাড়া স্পিকার লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে অনেক নাটকীয়তার পর গতকাল রবিবার রাতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জাতীয় পার্টির দেওয়া এক চিঠিতে রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা ও জিএম কাদেরকে উপনেতা করার আহ্বান জানানো হয়। দলের চেয়ারম্যান জিএম কাদের এই চিঠিতে স্বাক্ষর করেন এবং তার নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সেটা স্পিকারের কাছে পৌঁছে দেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার পদ নিয়ে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। গত ১৮ জুলাই জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান ঘোষণা করা হলে তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দেন এরশাদপত্নী রওশন।
এরপর বিরোধীদলীয় নেতা হতে চেয়ে গত মঙ্গলবার জিএম কাদের স্পিকারকে চিঠি দিলে জাপায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। রওশন এরশাদ স্পিকারকে পাল্টা চিঠি দেন। এছাড়া তাকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন তার অনুসারীরা। দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতা চেয়ে দু’জন পাল্টাপাল্টি চিঠি দেন নির্বাচন কমিশনে।
এ অবস্থায় জাতীয় পার্টি আরেক দফা ভাঙনের মুখোমুখি হয়। কিন্তু গত শনিবার দেবর-ভাবি বসেন আলোচনার টেবিলে। ওই আলোচনায় জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান পদে মেনে নেন রওশনপন্থিরা। আর রওশনকে বিরোধীদলীয় নেতা পদে মেনে নেন কাদেরপন্থিরা।
এরপর গতকাল রবিবার রাতে জিএম কাদেরের স্বাক্ষর করা চিঠি যায় স্পিকারের কাছে। আর এরপর দিনই রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা এবং জিএম কাদেরকে বিরোধীদলীয় উপনেতার স্বীকৃতি দিয়ে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হলো।
বিরোধদলীয় প্রজ্ঞাপন নেতা স্বীকৃতি রওশন এরশাদ 2019-09-09