Don't Miss
Home / আজকের সংবাদ / রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কৃষক বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার পথে আজ বৃহস্পতিবার দুপুরে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। নয়াগাঁওয়ের বিক্রম টেন্ট হাউসকে অস্থায়ী কারাগার ঘোষণা করে তাঁকে সেখানে রাখা হয়।

৬ জুন মন্দসৌরে কৃষকদের বিক্ষোভ মিছিলে গুলিতে পাঁচজন নিহত হন। কে বা কারা গুলি চালিয়েছে, তা স্পষ্ট না হলেও বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গুলি চালিয়েছে। তবে এই দাবি অস্বীকার করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, সেখানে পুলিশ কোনো গুলি চালায়নি। কৃষকদের প্রতিবাদ মিছিলে কার নির্দেশে গুলি চালানো হলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এমনিতে এই রাজ্যে বিজেপির রাজত্ব। তবে এ ঘটনার পর বিজেপির প্রতি ক্ষোভ বেড়েছে। ক্ষুব্ধ কৃষকদের পাশে দাঁড়াতে ও সান্ত্বনা দিতে আজ মধ্যপ্রদেশে যাত্রা করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার জন্য আজ সকালে দিল্লি থেকে রওনা দেন। তিনি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশে ঢোকেন। পথে তিনি টুইট করেন, তাঁর মন্দসৌর যাত্রা ঠেকাতে সরকার সক্রিয় হয়ে উঠেছে। মধ্যপ্রদেশে ঢোকার পর তিনি মোটরসাইকেলে করে মন্দসৌরের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু পথে নিমচেতে অবরোধ তৈরি করে রাখে পুলিশ। সেখানেই রাহুলকে থামিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় সরকার ও মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, ‘আমি শুধু কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে যেতে দেওয়া হলো না। কী কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশ জানাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ধনীদের ঋণ মাফ করে দিচ্ছে, কিন্তু গরিব কৃষকদের ঋণ মওকুফ করছে না। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, ক্ষতিপূরণ পায় না, শুধু গুলি খায়।’

ঋণ মওকুফ ও ফসলের ন্যূনতম মূল্যের দাবিতে কয়েক দিন থেকেই বিক্ষোভ করছিলেন মন্দসৌরের কৃষকেরা। ৬ জুন সকালে সেই বিক্ষোভ চরম আকার ধারণ করে। এরপরই কৃষকের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমি ইতিমধ্যে কৃষকদের সব ন্যায্য দাবি মেনে নিয়েছি।’ তিনি নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...