Don't Miss
Home / সারাদেশ / শপথ নিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

শপথ নিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

এমএনএ রিপোর্ট : নির্বাচনে জিতে গাজীপুরের নগরভবনে আওয়ামী লীগের কর্তৃত্ব ফিরিয়ে আনা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগামী পাঁচ বছর ঢাকার লাগোয়া এই সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালনের শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

ভোটের এক মাসের মাথায় আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে গাজীপুরের নতুন মেয়রকে শপথ পড়ান।

একই অনুষ্ঠানে এই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

গত ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম দুই লাখের বেশি ভোটে বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকারকে পরাজিত করেন।

এর আগে ২০১৩ সালের নির্বাচনে জাহাঙ্গীরকে বাদ দিয়ে আওয়ামী লীগ যাকে প্রার্থী করেছিল, সেই আজমত উল্লাহ খান হেরেছিলেন বিএনপি নেতা এম এ মান্নানের কাছে।

পাঁচ বছর পর এবার প্রবীণ আজমত উল্লাহকে বাদ দিয়ে আওয়ামী লীগ প্রার্থী করে নবীন জাহাঙ্গীরকে। ৩৯ বছর বয়সী জাহাঙ্গীরই এখন গাজীপুরের মেয়র।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের তাগিদ দেন।

তিনি বলেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, জনগণের সেবা করতে হবে। যার যার এলাকায় কাজ করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

নির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে যারাই নির্বাচিত হয়েছেন। আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন; আমরা সে সুযোগ সৃষ্টি করেছি।

জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবে কাজ করি।

শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের পরিকল্পিত উন্নয়নের ওপর জোর দেন এবং এমনভাবে জনপ্রতিনিধিদের কাজ করতে বলেন, যাতে এর ফল মানুষের ঘরে পৌছায়।

পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, জলাধার রক্ষা করতে হবে এবং বৃষ্টির পানি ধরে রাখতে হবে।

স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান এই শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...