Don't Miss
Home / আজকের সংবাদ / শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টার পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি-সংক্রান্ত জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তার অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে।

পদত্যাগপত্রে তিনি বলেন, বিভিন্ন শারীরিক জটিলতার পাশাপাশি মানসিক সক্ষমতারও অবনতি ঘটেছে। রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দায়িত্ব পালনের জন্য যে শারীরিক ও মানসিক সক্ষমতা প্রয়োজন, তা তার বর্তমান অবস্থায় আর অবশিষ্ট নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং বিশ্রামের প্রয়োজন।

এসব কারণ বিবেচনায় নিয়ে বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় তিন বছরের দায়িত্ব পালন শেষে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন।

এদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন সম্পন্ন হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর স্পিকারের আনুষ্ঠানিক ঘোষণা এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়ার দিকে।

x

Check Also

ডিএক্সএসএ

১৮ ডিসেম্বর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের ঘোষণা

এমএনএ শিক্ষাঙ্গন ডেস্কঃ ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ) ...