এমএনএ প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব অঞ্চল (সাইলেন্ট জোন) ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এ এলাকায় শব্দদূষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুলশান-২ গোলচত্বরে আয়োজিত শব্দদূষণবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, “আজ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা নীরব অঞ্চল হিসেবে কার্যকর হলো। এখানে শব্দদূষণ সহ্য করা হবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা ইতোমধ্যে নীরব এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। সংশ্লিষ্ট সোসাইটিগুলোর সহযোগিতায় এসব এলাকায় শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা সফলভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অধিদপ্তর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ, টেলিভিশনে জনসচেতনতামূলক প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে ক্ষমতা দেওয়ার পর থেকে ঢাকা মহানগরীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে নগরবাসী অনুভব করতে পারবেন।
সমাবেশে গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

