Don't Miss
Home / আজকের সংবাদ / শাহবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে অগ্নিকাণ্ড

শাহবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে অগ্নিকাণ্ড

এমএনএ রিপোর্ট : রাজধানীর শাহবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ করে খিলগাঁও টু মোহম্মদপুরগামী মিডওয়ে পরিবহনের একটি বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাসের চালক মো. আতিক হাসান (৪২) দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি।
ঘটনাস্থলে নেয়ামুল কবির নামে এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনি। এরপর দেখি, চলন্ত একটি বাস থেকে ধোঁয়া উড়ছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে যাত্রীরা বাসের জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর বিকট শব্দে আরও একটি বিস্ফোরণে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এটা ঘটেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যে আমি জাতীয় জরুরি সেবা কেন্দ্রের ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানাই। ওই মুহূর্তে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি শাহবাগ এলাকায় নেই এবং তারা বিষয়টা দেখছে বলে জানায়। প্রায় ২৫ মিনিট ধরে গাড়িটি জ্বলতে থাকে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। হুড়োহুড়ি করে বাস থেকে নামার সময় কয়েক জন আহত হলেও বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
শাহবাগ থানার এসআই মো. মিজান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...