Don't Miss
Home / সংসদ / সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার, বিধি অনুযায় শপথ স্পিকার-ডেপুটি স্পিকারের

সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার, বিধি অনুযায় শপথ স্পিকার-ডেপুটি স্পিকারের

এমএনএ প্রতিবেদক

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংসদের বিধি অনুযায়ী প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন।

বিধি অনুযায়ী, রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়িয়ে থাকেন।

তিনি বলেন, “সংসদের বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন। ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলতে পারে, এরপর কিছুদিনের জন্য বিরতি দেওয়া হতে পারে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে—সেগুলোকে সামনে রেখেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

অন্যদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।

সরকার দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চায়। আলোচনা ও সংলাপের মাধ্যমেই সংসদের ভেতরে সব সমস্যার সমাধান করা সম্ভব।

নুরুল ইসলাম মনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই। সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে-সেই আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। আমরা বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, সংসদের কার্যক্রম ও আচরণবিধি যথাযথভাবে মেনে সংসদ পরিচালনা করা হবে এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আইন ও নীতিনির্ধারণী বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে।

চিফ হুইপ জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তিনি সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। এরপর সংসদ সদস্যদের শপথ ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষে স্পিকার নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারও মনোনীত হবেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন সংসদের কার্যক্রম, আচরণবিধি এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...