Don't Miss
Home / সংসদ / সংসদের বাজেট অধিবেশন শুরু, চলবে ৯ জুলাই পর্যন্ত, প্রতিদিন দুই অধিবেশন

সংসদের বাজেট অধিবেশন শুরু, চলবে ৯ জুলাই পর্যন্ত, প্রতিদিন দুই অধিবেশন

এমএনএ প্রতিবেদক

১৩তম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন (দ্বিতীয় অধিবেশন) শুরু হয়েছে। অধিবেশনের কার্যক্রম, সময়সূচি ও মেয়াদ নির্ধারণ করেছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা অংশ নেন।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন দুইটি করে অধিবেশন অনুষ্ঠিত হবে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।

চলমান অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে বিপুলসংখ্যক প্রশ্ন ও প্রস্তাব জমা পড়েছে। এ পর্যন্ত মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন রয়েছে।

এছাড়া সংসদের বিধি ৭১-এর আওতায় ৯৮টি মনোযোগ আকর্ষণী নোটিশ এবং বিধি ১৩১-এর আওতায় ২৯৩টি প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

অধিবেশনের প্রথম দিনে সংসদে ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে সংসদ সদস্যরা প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

শোক প্রস্তাবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়াত নেতা ও সংসদ সদস্যদের স্মরণ করা হয়।

এছাড়া সাবেক আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক ও মোসলেম উদ্দিন, সাবেক মন্ত্রী শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুল মতিন, সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ও জিএম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারওয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. শামসুদ্দোহাকে স্মরণ করা হয়।

অধিবেশনে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন, সংগীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশিনসহ অনেকে।

অধিবেশনের শুরুতে স্পিকার বর্তমান অধিবেশনের জন্য প্যানেল অব চেয়ারম্যান মনোনয়ন দেন। এতে রয়েছেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেলের জ্যেষ্ঠ সদস্য সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

বিরোধী দলের পক্ষে উপস্থিত ছিলেন উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম ও মুহাম্মদ নওশাদ জামির।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া বৈঠকে সচিবালয় সহায়তা প্রদান করেন।

x

Check Also

মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে কক্সবাজার উপকূলে, বৃষ্টি-বজ্রপাত বাড়ার আশঙ্কা; সাত জেলায় প্রাণ গেল ৮ জনের

এমএনএ প্রতিবেদক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে ...