এমএনএ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর বিএনপি এখন সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। সংসদের আসন অনুপাতে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের যে ৩৬ আসন পাওয়ার কথা, সেই সব কয়েকটি আসনের ৩৬ জনকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এছাড়াও তালিকায় আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলী, সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং সাবিরা সুলতানা।
অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন ঢাকা-১৪ আসনে জাতীয় নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, সানসিলা জেবরিন, ফাহমিদা হক, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা প্রমুখ।
ঘোষিত তালিকায় আরো যারা স্থান পেয়েছেন, তারা হলেন, নাদিয়া পাঠান পাপন, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, জেবা আমিন খান, সুলতানা আহমেদ, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, ও শওকত আর আক্তার।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২১ এপ্রিল; বাছাই: ২২ ও ২৩ এপ্রিল; আপিল: ২৬ এপ্রিল; আপিল নিষ্পত্তি: ২৭ ও ২৮ এপ্রিল; প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ: ১২ মে।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ করা হয়। সেই হিসাবে: বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন; জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন; ও স্বতন্ত্রদের জন্য রয়েছে ১টি আসন।
গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। দলের মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। এ পদে মনোনয়ন পেতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যা দেশের নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

