Don't Miss
Home / অর্থনীতি / সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

অর্থনৈতিক প্রতিবেদক

রাষ্ট্রমালিকানাধীন নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। গত বছরের ৭ ডিসেম্বর সরকার তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল।

তারল্য সংকটে থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

দুর্বল এসব ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার এ সমন্বিত ব্যাংক গঠনের উদ্যোগ নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের শেয়ার থেকে।

এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে নানা প্রক্রিয়া শেষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ করেননি।

ফলে বর্তমানে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, আর্থিক সংকটে থাকা একাধিক ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত নতুন এই ব্যাংকের সামনে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই চেয়ারম্যানের পদত্যাগ এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...