Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদযাত্রায় স্বস্তি: ট্রেন সময়মতো, ভাড়া অতিরিক্ত নয়; তবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ভোগান্তির আশঙ্কা

ঈদযাত্রায় স্বস্তি: ট্রেন সময়মতো, ভাড়া অতিরিক্ত নয়; তবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ভোগান্তির আশঙ্কা

বিশেষ প্রতিবেদন

অনলাইনে টিকিট সংগ্রহে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে বড় ধরনের ভোগান্তি ছাড়াই হাসিমুখে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো অভিযোগ গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়, তবে শৃঙ্খলা বজায়

সোমবার (১৬ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। তবে স্টেশনে প্রবেশে ছিল কঠোর শৃঙ্খলা। টিকিট যাচাই করে তবেই যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া টিকিটবিহীন কাউকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়াগামী উপবন এক্সপ্রেসের যাত্রী বেসরকারি চাকরিজীবী রিয়াসাত বলেন, অনলাইনে টিকিট কাটার কারণে এবারের ঈদযাত্রা বেশ আরামদায়ক হচ্ছে। স্টেশনে তেমন বিশৃঙ্খলা নেই, তাই নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছেন।

শায়েস্তাগঞ্জগামী যাত্রী আজিজুল হকও জানান, অনলাইনে টিকিট কাটতে তেমন সমস্যা হয়নি এবং এবারের ঈদযাত্রা তার কাছে স্বস্তিদায়ক মনে হচ্ছে।

তবে সিলেটগামী যাত্রী মো. বিল্লাল জানান, এসি কোচের টিকিট পাওয়ার চেষ্টা করেও তিনি পাননি। পরে শোভন চেয়ারের টিকিট সংগ্রহ করেন। যদিও সামগ্রিকভাবে তিনি এবারের যাত্রাকে তুলনামূলক স্বস্তিদায়ক বলেই মনে করছেন।

অনলাইনে টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিট

ওয়েবসাইটে অতিরিক্ত চাপ ও বিপুল চাহিদার কারণে অনেক যাত্রী অনলাইনে টিকিট পাননি। ফলে অনেকেই স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে যাত্রা করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী নাজমুল হক জানান, অনলাইনে কয়েকবার চেষ্টা করেও টিকিট পাননি। পরে স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। তার দাবি, টিকিটের দামও ঠিকঠাক রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাইরে স্ট্যান্ডিং টিকিট না পাওয়া গেলে প্ল্যাটফর্মের ভেতরে জরিমানাসহ টিকিট কেনার সুযোগ রয়েছে। তবে যাত্রীদের আগেভাগেই স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে উৎসাহিত করা হচ্ছে।

কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, সোমবার সকাল পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস আধা ঘণ্টা বিলম্বে ছাড়লেও বাকি সব ট্রেন সময়মতো ছেড়েছে। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ভোগান্তির আশঙ্কা

এদিকে ঈদযাত্রায় দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ঘাটসংকট, সীমিত ফেরি, সংযোগ সড়কের বেহাল অবস্থা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমানে তিনটি—৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল রয়েছে। বাকি চারটি দীর্ঘদিন ধরে বন্ধ। নদীর পানির স্তর কমে যাওয়ায় পন্টুন ও সংযোগ সড়কের উচ্চতার পার্থক্য বেড়ে গেছে, ফলে যানবাহন ওঠানামায় সমস্যা হচ্ছে। অনেক সময় গাড়ি আটকে গিয়ে ঘাটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।

স্থানীয় যাত্রী ও চালকদের মতে, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও সেই তুলনায় ঘাটের সক্ষমতা বাড়ানো হয়নি। এতে যে কোনো সময় বড় ধরনের ভোগান্তি তৈরি হতে পারে।

কর্তৃপক্ষের আশ্বাস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করবে। সচল তিনটি ঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখার চেষ্টা করা হবে।

এদিকে দৌলতদিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করার কথাও জানিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ঈদ উপলক্ষে ঘাট এলাকায় মোবাইল ও ফিক্সড পেট্রল, চেকপোস্ট এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি নৌপুলিশও নিরাপত্তা নিশ্চিত করবে।

বাস ভাড়া বাড়েনি: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত সাত দিনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি। বরং যাত্রী আকৃষ্ট করতে অনেক পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে।

তিনি জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট ও ভিজিল্যান্স টিম তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের ঈদে বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীরা স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণ করতে পারবেন।

x

Check Also

কর কর্মকর্তাদের সততা, নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রিহ্যাবের

এমএনএ প্রতিবেদক কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রিয়েল ...