Don't Miss
Home / প্রচ্ছদ / সরকারি হজযাত্রী বাড়াতে প্রণোদনা ঘোষণা, মিলবে অর্থ পুরস্কার, হজ টিমে স্থান

সরকারি হজযাত্রী বাড়াতে প্রণোদনা ঘোষণা, মিলবে অর্থ পুরস্কার, হজ টিমে স্থান

এমএনএ প্রতিবেদক

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়াতে নতুন কিছু প্রণোদনা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। এ লক্ষ্যে নগদ অর্থ পুরস্কার, হজ টিমে অন্তর্ভুক্তি, হজ পালনের বিশেষ সুযোগ এবং সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত ১১ মে ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে চিঠি পাঠায়।

চিঠিতে বলা হয়েছে, নিজস্ব ইউজার আইডির মাধ্যমে হজযাত্রী নিবন্ধন করাতে পারা হজ গাইডদের সৌদি আরব যাত্রার সময় আর্থিক প্রণোদনা দেওয়া হবে। ৪০ জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করতে পারলে একজন গাইড পাবেন ১ লাখ ৩০ হাজার টাকা। ৩০ থেকে ৩৯ জন সংগ্রহ করলে ১ লাখ ২০ হাজার টাকা, ২০ থেকে ২৯ জন হলে ১ লাখ ১০ হাজার টাকা এবং ২০ জনের কম নিবন্ধন করাতে পারলেও দেওয়া হবে ১ লাখ টাকা।

২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং মাত্র ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

অতীতে সরকারগুলোর সময় সরকারি ব্যবস্থাপনায় ১০,০০০ হজযাত্রী পাঠানোর লক্ষ্য থাকলেও কখনোই ৬ হাজারের বেশি লক্ষ্য অর্জন করতে পারেনি। ফলে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়।

চিঠি অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা নিজস্ব আইডিতে ১০০ জনের বেশি হজযাত্রী নিবন্ধন করাতে পারবেন, তারা হজ টিমে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী নিবন্ধিত ১৫টি জেলা থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের একজন করে কর্মকর্তা বা কর্মচারীকে বিভিন্ন হজ টিমের সদস্য হিসেবে সৌদি আরবে পাঠানো হবে। তবে কোনো জেলায় ১০০ জনের কম হজযাত্রী থাকলে এ সুবিধা প্রযোজ্য হবে না।

কোনো বিভাগ যদি এ সুবিধা থেকে বাদ পড়ে, তাহলে ওই বিভাগের সর্বোচ্চ সংখ্যক নিবন্ধনকারী জেলার একজন প্রতিনিধিকে টিম সদস্য হিসেবে নেওয়া হবে। তবে সেই জেলায় অন্তত ৫০ জন হজযাত্রী থাকতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকারি বা বেসরকারি পর্যায়ে যারা নিজস্ব ইউজার আইডিতে অন্তত ৩০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন কিন্তু হজ গাইড বা টিম সদস্য হিসেবে নির্বাচিত হননি, তারা বিমানভাড়া নিজ দায়িত্বে পরিশোধ করে হজ পালনের সুযোগ পাবেন।

এদিকে, ২০২৭ সাল থেকে হজ গাইডদের কাজের মূল্যায়নের ভিত্তিতে অন্তত ১০ জনকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং সম্মাননা স্মারক দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

একই সঙ্গে, যারা ৩০ জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করেও হজ গাইড, টিম সদস্য বা হজ পালনের সুযোগ নিতে আগ্রহী নন, তাদেরও সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

x

Check Also

দেশে হামের ভয়াবহ বিস্তার: দুই মাসে মৃত্যু ৪৫১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে

বিশেষ প্রতিবেদক দেশে আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে হাম। গত দুই মাসে হাম ও হামের উপসর্গ ...