চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে সাবেদুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সকালে সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, প্রকৌশলবিদ্যায় শিক্ষিত মোশাররফ হোসেন ছিলেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং শিল্পপতি। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও এক কর্মী হত্যার ঘটনায় করা মামলাসহ একাধিক মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে অসুস্থ হয়ে পড়লে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকেই শ্বাসতন্ত্রসহ নানা জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ গ্রামের বাড়িতে দাফনের পরিকল্পনা রয়েছে এবং সময় পরে জানানো হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

