Don't Miss
Home / জাতীয় / সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপির সিনিয়র নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে স্পিকার, মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও শ্রদ্ধা জানান। সবশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও শিল্পখাতে মিজানুর রহমান সিনহার অবদানের প্রতি সম্মান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রাজনীতির পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ব্যবসায়িক অঙ্গনেও তিনি ছিলেন পরিচিত মুখ। একমি ল্যাবরেটরিজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশের ওষুধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...