Don't Miss
Home / আন্তর্জাতিক / পদত্যাগের প্রস্তুতিতে কিয়ার স্টারমার, ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত: ডেইলি মেইল

পদত্যাগের প্রস্তুতিতে কিয়ার স্টারমার, ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত: ডেইলি মেইল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কিয়ার স্টারমার নাকি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল–এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্টারমার তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন—তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে প্রস্তুত। তবে সেটি হবে “নিজের শর্তে” এবং নির্ধারিত একটি সময়সূচির মাধ্যমে।

মন্ত্রিসভার এক সদস্যের বরাতে ডেইলি মেইল জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে মনে করছেন স্টারমার। তাই মর্যাদা বজায় রেখেই উপযুক্ত সময়ে দায়িত্ব ছাড়তে চান তিনি। এ লক্ষ্যে তিনি শিগগিরই একটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে চাপে রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি সরকার। পিটার ম্যান্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে হতাশাজনক ফলাফল এবং সরকারের অভ্যন্তরীণ মতবিরোধ—সব মিলিয়ে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সংকট আরও গভীর হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্টিয়ারিং–এর পদত্যাগের ঘোষণার পর। শনিবার তিনি জানান, ভবিষ্যতে লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনে স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরবেন। একইসঙ্গে তিনি স্টারমারের দ্রুত সরে দাঁড়ানোর জন্য একটি “সুস্পষ্ট সময়সূচি” ঘোষণার আহ্বান জানান।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দ্রুত কমছে কিয়ার স্টারমারের জনপ্রিয়তাও। জরিপ সংস্থা ইউগভ–এর এক জরিপে দেখা গেছে, প্রায় ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

ইউগভের বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমানে স্টারমারকে যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রধানমন্ত্রীদের একজন হিসেবে দেখা হচ্ছে। অনেকেই তার পরিস্থিতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস–এর মাত্র ৪৯ দিনের শাসনামলের তুলনা করছেন।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...