ইয়াঙ্গুনে সু চি'র বাড়ি।
সু চি’র ইয়াঙ্গুনের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ
Posted by: News Desk
February 1, 2018
এমএনএ রিপোর্ট : মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র ইয়াঙ্গুনের লেকপাড়ের বাসভবনে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে সু চি এ সময় বাড়িতে ছিলেন না।
আজ বৃহস্পতিবার মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের ডন নিউজ।
কী কারণে সু চির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ বোমা হামলায় সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ সময় সু চি বাড়িটিতে ছিলেন না।
সামরিক জান্তার আমলে এই বাড়িটিতেই সু চিকে দীর্ঘদিনধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
আজ বৃহস্পতিবার হামলার সময় তিনি রাজধানী নাইপিদোতে ছিলেন বলে জানা গেছে। তার দল এনএলডি-র ক্ষমতায় আসার বর্ষপূর্তি উপলক্ষে পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা আছে তার।
সু চি’র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর সেখানে আগুন জ্বলে যায়; যা দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
তবে বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তার। সন্দেহভাজনদের খোঁজে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি শুরু করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
সু চি’র বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে হলো যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন তিনি।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর চালানো সামরিক বাহিনীর দমন-পীড়নের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত অভিযোগের মুখে পড়েছেন সু চি। তার বাড়িতে চালানো এ বোমা হামলাকে অনেকটা প্রতীকি হামলা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
দেশটির রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর চালানো নৃশংস অভিযানে শত শত রোহিঙ্গা নিহত হওয়ার পর প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
বাংলাদেশের শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ তাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো বর্বর নির্যাতনের স্বাক্ষ্য দিয়েছে।
সু চির পেট্রলবোমা বাসভবনে ইয়াঙ্গুনের নিক্ষেপ 2018-02-01