Don't Miss
Home / আজকের সংবাদ / সেন্সর ছাড়পত্র পেলো তৌকীর আহমেদের ‘হালদা’

সেন্সর ছাড়পত্র পেলো তৌকীর আহমেদের ‘হালদা’

এমএনএ বিনোদন ডেস্ক : একবারে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। আর খবরটি গণমাধ্যমকে জানিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র। গত ২৫ অক্টোবর ছবিটি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল।
এতে করে ছবিটি মুক্তিতে আর কোনো বাধা রইলো না। সম্প্রতি প্রকাশিত ছবিটির গান ও ট্রেলার এরই মাঝে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আসছে ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তৌকীর আহমেদ তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অজ্ঞাতনামা’ নিয়ে ২৮তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বর্তমানে তিউনিসিয়া রয়েছেন।
সেখান থেকে তিনি বলেন, ‘সোমবার সেন্সর বোর্ড ‘হালদা’ দেখে আনকাট ছাড়পত্র প্রদান করেছে। পাশাপাশি তারা ছবির ভূয়সী প্রশংসা করেছে। এখন ‘হালদা’ মুক্তি দেয়া নিয়ে চিন্তামুক্ত হলাম। ১৫ নভেম্বর আমি দেশে ফিরব। এরপর পুরোদমে ছবির প্রচারে অংশ নেব।’
ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। এতে আরো অভিনয় করছেন দিলারা জামান,শাহেদ আলী, রুনা খান প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
হালদা’ বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবার কথা রয়েছে। এছাড়াও বিশ্বের প্রায় ১৬ টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...