Don't Miss
Home / প্রশাসন / স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম–এর আনা অভিযোগের জবাব দেন এবং সংশ্লিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। তার ভাষ্য অনুযায়ী, “যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে সুনির্দিষ্ট ফাইল প্রকাশ করা হোক এবং প্রমাণ উপস্থাপন করা হোক। জনগণের তা জানার অধিকার রয়েছে।”

তিনি আরও বলেন, সচিব বিদেশে থাকা বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে প্রশাসনিক প্রক্রিয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে এবং সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনের মাধ্যমেই সম্পন্ন হয়। এমন পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা আইনের ব্যত্যয় নয় বলেও দাবি করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একই সঙ্গে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে মীর শাহে আলম দাবি করেন, একটি প্রকল্পে টেন্ডার দেওয়ার পর কাজ সম্পন্ন না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর প্রভাব হিসেবে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...