Don't Miss
Home / জাতীয় / হজযাত্রীদের সেবায় গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে, সৌদিতে মেডিকেল টিমকে ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবায় গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে, সৌদিতে মেডিকেল টিমকে ধর্মমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি হজযাত্রীদের আন্তরিকভাবে সেবা প্রদানকারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন মন্ত্রী।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে পৌঁছে বুধবার প্রথমেই সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন ধর্মমন্ত্রী। জেদ্দার রিজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ ব্যবস্থাপনার প্রস্তুতি, হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন এবং নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনুমোদিত পরিবহন ব্যবহার ও ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা মেনে চলার আহ্বান জানান। হজ ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়নের জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে সৌদি সরকার, বাদশাহ, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

বিশেষ বৈঠক শেষে একই স্থানে অনুষ্ঠিত ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ধর্মমন্ত্রী। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় হজ মেডিকেল টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দায়িত্বে শৈথিল্য বা গাফিলতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়ালে তাকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, হজযাত্রীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে।

এর আগে বাংলাদেশ হজ মিশন অফিসে সাংবাদিকদের ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট সদস্যদের ভ্রমণ সুবিধা কর্তন করা হবে।

এ সময় ধর্মমন্ত্রীর সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

১০ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছাড়াল, লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা

বিশেষ প্রতিবেদক চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে ...