Don't Miss
Home / জাতীয় / হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে আক্রান্ত শিশুদের। শয্যাসংকট এতটাই প্রকট যে অনেক শিশুকেই মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। এমনই এক দৃশ্যের কেন্দ্রে ছিলেন কেরানীগঞ্জ থেকে আসা ২২ বছর বয়সী স্বর্ণা আক্তার। ছয় মাস বয়সী মেয়ে নূর নাহারকে কোলে নিয়ে হাসপাতালের মেঝেতে বসেই নেবুলাইজ করাচ্ছিলেন তিনি। পাশে ছিল না পরিবারের আর কেউ।

স্বর্ণা আক্তারের চোখে তখন অশ্রু। স্বামীর সহায়তা না পেয়ে প্রতিবেশীর কাছ থেকে ৫০০ টাকা ধার করে অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছেন তিনি। শিশুটির তীব্র জ্বর, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্টের পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়েছে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ছয় মাস বয়সী শিশুর আদর্শ ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন মাত্র ৩ কেজি। দীর্ঘ অসুস্থতা ও অপুষ্টিতে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুধু মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেই ১০ এপ্রিল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭৩৩ জন রোগী। এর মধ্যে ঢাকার বাইরের রোগী ৫০৭ জন।

সবচেয়ে বেশি রোগী এসেছে- নারায়ণগঞ্জ; গাজীপুর; নরসিংদী; মুন্সিগঞ্জ এবং কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে দুজনের—এর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছিল এবং অন্যজনের ছিল হামের উপসর্গ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৭ জনের। মোট মৃত্যু: ৪৫ জন। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এফ এ আসমা খান জানান, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও ঝুঁকি এখনো কাটেনি। বিশেষ করে টিকাবঞ্চিত ও অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দ্রুত হাম-রুবেলা টিকা দেওয়ার আহ্বান জানান।

বিশেষজ্ঞরা বলছেন, হাম শুধু জ্বর বা ফুসকুড়ির রোগ নয়; এটি শিশুদের জন্য প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে- নিউমোনিয়া; মারাত্মক অপুষ্টি; ডায়রিয়া; শ্বাসকষ্ট ও মস্তিষ্কে সংক্রমণ। এসব কারণে শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা, পুষ্টিকর খাবার এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...