Don't Miss
Home / খেলাধূলা / অস্ট্রেলিয়াকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে উড়িয়ে মধুর প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড

এমএনএ খেলাধুলা ডেস্কঃ অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিলো নিউজিল্যান্ড।

আজ ৮৯ রানের বড় জয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। রান বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ বড় জয় এটি। আর নিজেদের টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ বড় ব্যবধানে জয় পেল নিউজিল্যান্ড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ফিন অ্যালেনকে নিয়ে ইনিংস শুরু করেন ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের প্রথম ওভার থেকে ১৪ রান তুলেন অ্যালেন। ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। পরের ওভারে জশ হ্যাজেলউডকেও পাত্তা দেননি অ্যালেন ও কনওয়ে। কনওয়ে ২টি চার ও অ্যালেন ১টি বাউন্ডারিতে ১৫ রান তুলেন।

স্টার্ক-হ্যাজেলউডের করা প্রথম দুই ওভার থেকে ২৯ রান তোলেন অ্যালেন ও কনওয়ে। এমন অবস্থায় বাধ্য হয়ে তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে আক্রমনে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই ওভার থেকেও ১৭ রান আসে। অ্যালেন ২টি চার ও ১টি ছক্কা মারেন। অবশ্য ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে বেঁচে যান অ্যালেন।

স্টয়নিসের করা ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে নিউজিল্যান্ডের রান পঞ্চাশে পৌঁছে দেন অ্যালেন। তাতে ৪ ওভার শেষে নিউজিল্যান্ড রান গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৫৬ রানে।

পঞ্চম ওভারে দ্বিতীয়বারের মত বোলিং আক্রমনে এসেই সাফল্য পান হ্যাজেলউড। ভয়ংকর রুপে থাকা অ্যালেনকে বোল্ড করেন হ্যাজেলউড। ২৬২ স্ট্রাইক রেটে মাত্র ১৬ বল খেলে ৪২ রান করেন অ্যালেন। তার বিধ্বংসী ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা ছিলো। উদ্বোধনী জুটিতে ২৫ বলে ৫৬ রান করেন অ্যালেন ও কনওয়ে।

অ্যালেনের বিদায়ে ক্রিজে এসেই বাউন্ডারিতে রানের খাতা খুলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। অ্যালেন ঝড়ে পাওয়ার-প্লেতে ১ উইকেটে ৬৫ রান পায় নিউজিল্যান্ড।

পাওয়ার-প্লে শেষ হবার পর নিউজিল্যান্ডের রানের গতি ধরে রাখেন কনওয়ে ও উইলিয়ামসন। ১১তম ওভারের প্রথম বলে উইলিয়ামসনের ছক্কায় নিউজিল্যান্ডের স্কোর ১শ পৌঁছায়।

অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পার করা ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কনওয়ে। এজন্য ৩৬ বল খেলেন তিনি।

একই ওভারে শেষ বলে উইলিয়ামসনকে শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সাফল্য এনে দেন জাম্পা। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৩ রান করেন উইলিয়ামসন। কনওয়ের সাথে ৫৩ বলে ৬৯ রানের জুটি গড়েন নিউজিল্যান্ড অধিনায়ক।

উইলিয়ামসন যখন ফিরেন, তখন ইনিংসের ৭ ওভার বাকী ছিলো। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসের সঙ্গে ১৮ বলে ২৭ রান তুলেন কনওয়ে।

চতুর্থ উইকেটে জেমস নিশামকে নিয়ে ঝড় তোলেন কনওয়ে। শেষ ২৪ বলে ২শ স্ট্রাইক রেটে ৪৮ রান যোগ করেছেন তারা। এসময় নিশাম ২টি ছক্কা ও কনওয়ে ২টি চার মারেন। ইনিংসের শেষ বলে ছক্কা মারেন নিশাম।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এবারের আসরে এটিই প্রথম ২শ ও সর্বোচ্চ দলীয় রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থবারের মত ২শ রান করলো নিউজিল্যান্ড।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...