এমএনএ স্পোর্টস ডেস্ক : ঘটনা গতকাল সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দল হোটেলে ফেরার সময়। পথে হঠাৎ ঢিল লাগে সফরকারী অস্ট্রেলিয়া দলের বাসে। ছোট পাথরখণ্ডের আঘাতে কারও আহত হওয়ার ঘটনা ঘটেনি। শুধু বাসের একটা কাচ ভেঙেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি স্বীকার করেছে। একইসঙ্গে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গতকাল সোমবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে টিম অস্ট্রেলিয়া হোটেলে ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বরাত দিয়ে ক্রিকইনফো এটি নিশ্চিত করেছে। তবে সিএ জানিয়েছে, ঢিলের আঘাতে জানালার একটি কাচ ভেঙে গেলেও কোনো খেলোয়াড় কিংবা কর্মকর্তা আঘাত পাননি।
ঢিল ছোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের উদ্যোগের কথা জানিয়ে বিসিবি এক বিবৃতিতে বলে, ‘অস্ট্রেলিয়ার টিম বাসের কাচ ভেঙে যাওয়ার ঘটনা সম্পর্কে বিসিবি পুরোপুরি অবগত ও সচেতন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং ঘটনার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে বিষয়টির সুষ্ঠু তদন্তের উদ্যোগ ও নিয়েছি।’
ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তাপ্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছেন, এটা ছোট্ট একটা পাথরের আঘাত। ঢিল ছোড়ার ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।
যেমনটা বলছিলেন তিনি, ‘বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং যাতায়াতের পথে নিরাপত্তা আরো জোরদার করেছে। আমাদেরকে দেয়া বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট এবং স্বস্তি অনুভব করছি।’ৎ
এমনিতে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তাই দিচ্ছে বিসিবি। এ ঘটনার পর টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। হোটেল থেকে মাঠে আসা–যাওয়ার রুটও বদলে ফেলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগের কারণে এর আগে সফর বাতিল করা হয়েছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




