এমএনএ রিপোর্ট : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে আগামী দুই বছরের জন্য সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার ৭ আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আজ সোমবার ৭ আগস্ট, ২০১৭ হতে আগামী ৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত আইন ও বিচার বিভাগের সচিব পদে এএসএসএম জহিরুল হককে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক আজ সোমবারই কাজে যোগ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা গণমাধ্যমকে জানান, গতকাল রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সোমবার সকালে তিনি কাজে যোগদান করেছেন। তিনি চলতি ৭ আগস্ট থেকে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত এ পদে বহাল থাকবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

