আই অ্যাম এ ফাইটার : সেলিনা হায়াৎ আইভী
Posted by: News Desk
January 23, 2018
এমএনএ রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের প্রতি ইঙ্গিত করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আই অ্যাম এ ফাইটার। আই অ্যাম এ লিডার। নারায়ণগঞ্জে থেকে নারায়ণগঞ্জবাসী কারো নির্দেশ মেনে চলবে না, মেনে নেবে না।’
রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মেয়র আইভী গত ১৮ জানুয়ারি থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। আজ মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে সিটি কর্পোরেশনের মেয়র আইভী বলেন, আমি সিটি লিডার। আমার সিটিতে সব নাগরিক থাকবে। আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে। এটা সব নাগরিকের অধিকার।
আইভী আরও বলেন, রাজনীতি করতে গেলে অনেক কিছুই হয়। তবে এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, আমার সঙ্গে কারো কোনো পারিবারিক বা রাজনৈতিক দ্বন্দ্ব নেই। আদর্শিক নীতিগত বিরোধ রয়েছে। সেখানেও আমি নমনীয়। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে শেখ হাসিনার ক্ষুদ্র একজন কর্মী। আমার স্লোগান ছিল— ‘নাই শঙ্কা নাই ভয়, শহর হবে শান্তিময়।’ শহরকে শান্তিময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধান করবেন।
চিকিৎসা শেষে আজ সাংবাদিকদের সামনে আসেন আইভী। এ সময় তিনি বলেন, হকাররা হকারদের জায়গায় থাকবেন। আর নাগরিকরা তাদের অধিকার ফিরে পাবেন। ফুটপাত নাগরিকেদের। এটি হকারদের স্থান নয়। নারায়ণগঞ্জবাসী সাহসী আইভীকে দেখেছে। আইভী আছে। এখানে সত্যের জয় হবে। নৈতিকতার জয় হবেই।
তিনি আরও বলেন, আমাদের মনোবল কেউ কেড়ে নিতে পারবে না। প্রাধানমন্ত্রী শেষ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশের জন্য আমরা কাজ করব।
অসুস্থতার সময় পাশে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আইভী। কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও। তিনি বলেন, প্রধানমন্ত্রী (আমাকে) ল্যাবএইডে রেখে চিকিৎসা করিয়েছেন, প্রতিদিন খোঁজখবর নিয়েছেন। আমি কৃতজ্ঞ।
নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী একজন সাহসী নেতৃত্ব পেয়েছিল। আর এখন সাহসী নারায়ণগঞ্জ পেয়েছে। আমি প্রতিহিংসায় বিশ্বাসী নই। কারোও প্রতি আমার কোনো ক্ষোভ নেই।
সংবাদ সম্মেলনে আইভী সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। সংবাদ সম্মেলনে শেষে বেলা সোয়া ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো ও উচ্ছেদ নিয়ে গত মঙ্গলবার বিকালে সংসদ সদস্য শামীম ওসমান এবং আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইভীসহ অনেকেই আহত হন।
আই অ্যাম এ ফাইটার সেলিনা হায়াৎ আইভী 2018-01-23