আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু
Posted by: News Desk
January 19, 2019
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
আজ শনিবার দুপুর ২টার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয়। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ডসঙ্গীত পরিবেশন করে।
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমাবেশের আলোচনাপর্ব সঞ্চালন করছেন।
সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধন্যবাদ জানাবেন তিনি।
সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে শুরু করে। নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
নারীদের পরনে লাল ও সবুজ রঙের শাড়ি এবং ছেলেদের বেশিরভাগ লাল ও সবুজ রঙের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে হেঁটে বা পিকআপভ্যান, ট্রাক ও বাসযোগে উদ্যানের দিকে আসছেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘বিজয়ের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’, ‘যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা’ ইত্যাদি শ্লোগান দিচ্ছেন তারা।
এদিকে জনসভার কারণে সকাল ১১টা থেকে শাহবাগের রূপসী বাংলা সিগন্যাল, কাঁটাবন মার্কেট মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁরপুল, জিপিও ও মৎস্য ভবন মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়কে উদযাপনে কেন্দ্রীয়ভাবে বিজয় সমাবেশ পালন করছে আওয়ামী লীগ।
৩০ ডিসেম্বর আয়োজিত সেই নির্বাচনে মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ ২৬৬টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। তবে তারা বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল তাৎক্ষণিক বিজয় মিছিল না করার। বড় বিজয়ের উৎসবও বড় হবে, তাই মহাসমাবেশকেই বিজয় মিছিলে রূপ দেয়ার লক্ষ্য ছিল সারাদেশের নেতাকর্মীদের।
আওয়ামী লীগের বিজয় সমাবেশ শুরু 2019-01-19