Don't Miss
Home / হোম স্লাইডার / আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক বাবু

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক বাবু

এমএনএ রিপোর্ট : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম আফজালুর রহমান বাবু।

আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। কমিটির ‍অন্য পদগুলো পরে ঘোষণা করা হবে।

একইসঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে ইসহাক মিয়া ও আনিচুর রহমান নাইমকে। আর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে কামরুল হাসান রিপন ও তারেক সাঈদকে।

আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনের এবারের সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এবারই প্রথম শীর্ষ দুই নেতা সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান চলার মধ্যেই নানা অভিযোগে গত ২৩ অক্টোবর সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়। এর একদিন পরই প্রধানমন্ত্রীর নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিকে সম্মেলন কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। এই দুই নেতাকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি গঠিত হয়। ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ। সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি ও পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়। কমিটি প্রায় ১৭ বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিল।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি হয়নি সংগঠনটির গুরুত্বপূর্ণ এ দুই ইউনিটের। কেন্দ্রীয় সম্মেলনের দিনই এ নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির অভিভাবক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন।

এর আগে আজ শনিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি এসময় বলেন, স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেবার মানসিকতা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মাঝে এই সেবার মানসিকতা ছড়িয়ে দিতে হবে। শুধু তাই নয়, নিজেরাও একটা সুশৃঙ্খল জীবন-যাপন করতে হবে, যাতে শিশু-কিশোরদের মাঝে সেবার মানসিকতা গড়ে ওঠে এবং তারা উদ্বুদ্ধ হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার এটি হয়েছে প্রায় সাড়ে সাত বছর পর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...