আগামীকাল বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি
Posted by: News Desk
November 1, 2017
এমএনএ রিপোর্ট : রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার যাওয়া ও ফেরার পথে ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের জেলা সদর এবং শনিবার ঢাকা মহানগরীতে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার সব জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী শনিবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি ঘোষণাকালে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার পরও নেতাকর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। আওয়ামী লীগই সংঘাতে জড়িয়েছে।
ফেনীর মহিপালের হামলা অত্যন্ত পরিকল্পিত- উল্লেখ করে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘হামলার এ ঘটনার জন্যে আওয়ামী লীগ উল্টো বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। হামলা কারা করেছে গণমাধ্যমের কর্মীরা তার জ্বলন্ত সাক্ষী।
বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথে আসারও আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
উল্লেখ্য, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারের উখিয়ায় যাওয়ার পথেও ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে খালেদার গাড়িবহরে হামলা হয়।
ওই ঘটনায় খালেদার বহরের এবং গণমাধ্যমের প্রায় ৩০টি গাড়ি ভাংচুরের শিকার হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।
বিএনপির বিক্ষোভ আগামীকাল দেশব্যাপী 2017-11-01