এমএনএ খেলাধুলা ডেস্ক : আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। আরেক ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার।বাছাইপর্বে ১৪ ম্যাচ খেলে এখনো অপরাজিত ব্রাজিল। জয় পেয়েছে ১১টি ম্যাচে, ড্র করেছে বাকি ৩টি। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও সবশেষ ম্যাচে হোঁচট খেয়েছে নেইমারের দল। ইকুয়েডরের বিপক্ষে করেছে ড্র। আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকছে প্যারাগুয়ে। ১৫ ম্যাচ খেলে জয় মাত্র ২টিতে। হেরেছে ৬টি, ড্র করেছে ৭টি। সবশেষ ৩ ম্যাচে জয় নেই একটিও। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে অবশ্যই জয়ের ধারায় ফিরতে চাইবে ব্রাজিল।
অন্যদিকে, ১৪ ম্যাচ খেলে আর্জেন্টিনাও এখনো অপরাজিত। জয় পেয়েছে ৯টি ম্যাচে, ড্র করেছে বাকি ৫টি। পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে মেসির দল। মেসিকে ছাড়াই সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। আগামীকাল তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। আন্তর্জাতিক ফুটবলে সোনালি দিন পেছনে ফেলে এসেছে তারা। এবারের বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সও তেমন বলার মতো কিছু নয়। ১৫ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৩টিতে। ৪ হারের পাশাপাশি ড্র করেছে ৮টিতে। তাদের বিপক্ষে জিতে আরও নির্ভার হতে চাইবে আর্জন্টিনা।বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে কী ব্রাজিল-আর্জেন্টিনা? জানা যাবে আগামীকাল সকালেই!
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
