Don't Miss
Home / আজকের সংবাদ / আগামীকাল সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত

আগামীকাল সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত

এমএনএ রিপোর্ট : দলের আমির মকবুল আহমাদসহ আট শীর্ষ নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া আজ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও আগামী শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে দলটি।
গতকাল মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন বলে দলের প্রচার বিভাগের পক্ষে এম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, ‘দলের আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে আগামী ১২ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।’
গত সোমবার রাত ৮টার দিকে উত্তরা-পূর্ব থানাধীন ল্যাবএইড হাসপাতালের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে আট নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।
পুলিশ বলছে, উত্তরায় রাতে তারা গোপনে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।
সংশ্নিষ্টরা বলছেন, একসঙ্গে জামায়াতের এত সংখ্যক শীর্ষ নেতা ডিবির হাতে ধরা পড়ার ঘটনা এই প্রথম। রাতেই তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তাদের প্রায় সবার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়। দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কিছু দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াত নেতা-কর্মীদের ধরপাকড় চলছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর কদমতলীতে গোপন বৈঠক চলাকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরীর দক্ষিণের নেতা মঞ্জুরুল ইসলাম ভুইয়া, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বছরের ১৭ অক্টোবর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ নেন মকবুল আহমাদ। জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য তাকে আমির হিসেবে নির্বাচিত করেন। এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তারের পর ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমির ছিলেন।
এদিকে জামায়াত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হওয়ায় নায়েবে আমির মুজিবুর রহমান দলের কেন্দ্রীয় আমির ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...