Don't Miss
Home / হোম স্লাইডার / আগামী ২১ অক্টোবর বসছে সংসদ অধিবেশন

আগামী ২১ অক্টোবর বসছে সংসদ অধিবেশন

এমএনএ রিপোর্ট : আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন বসবে।

এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। স্পিকার এই বৈঠকেও সভাপতিত্ব করবেন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় মনে করে, এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন। এবারের অধিবেশনও খুবই সংক্ষিপ্ত হবে। সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে এ অধিবেশন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন গত ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১৮টি সরকারি বিল পাস হয়। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮, সড়ক পরিবহন বিল, ২০১৮সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল রয়েছে।

ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে নয়টি গৃহীত নোটিশের মধ্যে সাতটি আলোচিত হয়। এ ছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।

২২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ২৬টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৫০৪টি প্রশ্নের মধ্যে ৮১৫টি প্রশ্নের জবাব দেন।

৩১ অক্টোবর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্থাৎ ৩১ অক্টোবরের পর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে আগামী অধিবেশনই হতে যাচ্ছে চলতি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...